রাঙামাটি থেকে ঢাকায় কাঠ পরিবহনের প্রতিটি ট্রাকের বিপরীতে কাঠ ব্যবসায়ী সমিতিতে জমা দিতে হয় ১১ হাজার ১০০ টাকা। তবে এই অর্থ জমা দেওয়ার বিপরীতে ব্যবসায়ীদের হাতে দেওয়া হচ্ছে মাত্র ২ হাজার টাকার রশিদ। বাকি ৯ হাজার ১০০ টাকার কোনো রশিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে সমিতির সাবেক সভাপতি আজম খানের বিরুদ্ধে।
এক ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সদ্য সংবাদের হাতে এসেছে অর্থ জমার একটি রশিদের ছবি। পাশাপাশি ওই ব্যবসায়ীর সঙ্গে কথোপকথনের কল রেকর্ডও সংগ্রহ করা হয়েছে।
ব্যবসায়ীর দাবি, সমিতির নামে ১১ হাজার ১০০ টাকা নেওয়া হলেও পুরো অর্থের বিপরীতে কোনো রশিদ দেওয়া হচ্ছে না। অভিযোগ অনুযায়ী, অর্থ আদায়ের সঙ্গে সরাসরি জড়িত সাবেক সভাপতি আজম খান। তবে বাকি অর্থ কোথায় জমা হচ্ছে, কিংবা সমিতির হিসাবের খাতায় এর কোনো বিবরণ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।
সদ্য সংবাদের হাতে আসা রশিদের ছবিতে দেখা যায়, জমার পরিমাণ হিসেবে উল্লেখ রয়েছে মাত্র ২ হাজার টাকা। যদিও প্রকৃতপক্ষে ১১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ফলে আদায় করা অর্থের বাকি অংশের হিসাব নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
শুধু অর্থ আদায় নয়, রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন সাবেক সভাপতি আজম খান।
ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরে সমিতির নেতৃত্বে নিজের অবস্থান শক্ত করেন তিনি।
দুইবার সভাপতি ও একবার সহ-সভাপতির দায়িত্ব পালন করা আজম খানের বিরুদ্ধে সমিতির কার্যক্রমে ব্যক্তিগত প্রভাব বিস্তারের অভিযোগও তুলেছেন কয়েকজন ব্যবসায়ী।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী সদ্য সংবাদকে জানান, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন তালুকদারের সঙ্গে আজম খানের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তিনি লোকমান হোসেন তালুকদারের শ্যালক।
ওই ব্যবসায়ীর দাবি, লোকমান হোসেন তালুকদার সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারের প্রধান সমন্বয়ক হিসেবেও আজম খান দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে।
ব্যবসায়ীদের দাবি, তৎকালীন রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব কাজে লাগিয়ে সমিতির নেতৃত্বে নিজের অবস্থান ধরে রেখেছিলেন আজম খান। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ীর অভিযোগ, সমিতির নেতৃত্ব ও কার্যক্রমে তাঁর প্রভাব এখনো রয়েছে।
বর্তমানে সমিতির কমিটি বিলুপ্ত হলেও নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক থামেনি। ব্যবসায়ীদের অভিযোগ, সাবেক সভাপতি হিসেবে আজম খান এখনো সমিতির কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আসন্ন নির্বাচনেও একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ব্যবসায়ীদের প্রশ্ন, কমিটি বিলুপ্ত হওয়ার পর একজন সাবেক সভাপতি কোন সাংগঠনিক ক্ষমতাবলে সমিতির কার্যক্রম ও নির্বাচনে প্রভাব বিস্তার করছেন?
এদিকে, এসব অভিযোগের বিষয়ে আজম খানের বক্তব্য জানতে তাঁর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সদ্য সংবাদ টিম। প্রথমে ফোন রিসিভ করলেও অর্থ আদায়, রশিদ এবং রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি সমিতির কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন। এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে তাঁর ব্যবহৃত নম্বরে বিস্তারিত জানতে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাঁর পরামর্শ অনুযায়ী সরাসরি সাক্ষাতের জন্য সদ্য সংবাদের রাঙামাটি প্রতিনিধিকেও সমিতির কার্যালয়ে পাঠানো হয়। তবে সেখানেও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি।
ফলে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাঁর পূর্ণাঙ্গ বক্তব্য জানা সম্ভব হয়নি।
একটি বাণিজ্যিক সংগঠন কি সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান, নাকি ব্যক্তিবিশেষের প্রভাব বিস্তারের ক্ষেত্র—এমন প্রশ্নই এখন সামনে আসছে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতিকে ঘিরে।
প্রতি ট্রাকে ১১ হাজার ১০০ টাকা আদায়ের অভিযোগ, অথচ রশিদে মাত্র ২ হাজার টাকার হিসাব, রাজনৈতিক প্রভাব এবং কমিটি বিলুপ্তির পরও সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ সবকিছুর স্বচ্ছ ব্যাখ্যা চান সাধারণ ব্যবসায়ীরা।
তাঁদের দাবি, সমিতির আর্থিক হিসাব, অর্থ আদায়ের প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনী কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সদ্য সংবাদ/এজে