সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে র্যালি ও মানববন্ধন করেছেন ক্লথিং কার্নিভালস লিমিটেডের শ্রমিকরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বগাবাড়ি এলাকা থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি র্যালি বের করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাইলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেন শ্রমিকরা।
মানববন্ধনে শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা আটকে রেখেছে। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছেন তারা। অবিলম্বে তাদের পাওনা পরিশোধের দাবি জানান বক্তারা।
এ সময় শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও বড় আন্দোলনে যাবেন।
কর্মসূচিতে ফেডারেশন নেতা রফিকুল ইসলাম সুজন, আক্কাছ আলী সাগর, মাসুদ রানা সুলতান, মুনসুর আলী এবং কারখানার জিএম জাকির হোসেনসহ ভুক্তভোগী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর