শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়ায় রাকিব মাতাব্বর (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের কেচুয়ারচর এলাকায় নিজ ঘরে উড়না গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
রাকিব মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। ঘটনার সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। রাকিব নাগেরপাড়া ইউনিয়নের কেচুয়ারচর গ্রামের মৃত জলিল মাতাব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিব বসতঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান। পরে তাঁর ভাবি তানিয়া শয়নকক্ষে গিয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া-শব্দ পাননি। পরে তিনি ঘরের ভেতরে রাকিবকে চালের রুয়ার সঙ্গে উড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। তাঁর ডাকচিৎকারে বাড়ির লোকজন উপস্থিত হয়ে রাকিবকে নামিয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এরপর পুলিশকে খবর দেওয়া হলে গোসাইরহাট থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের পরিবারের কোনো আপত্তি না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ সৎকারের আবেদন করায় কর্তৃপক্ষের নির্দেশে লাশ দাফনের জন্য দেওয়া হয়।