শাকিল হত্যায় জড়িত যে-ই হোক, আইনের আওতায় আনতে হবে: রাকিব

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ ২১:১২:২৯
ছবি: সংগৃহীত

শাকিল ইসলামের হত্যাকাণ্ডে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক না কেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

রাকিব বলেন, গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে আহত করে ঢাকার হাসপাতালে ভর্তি করার পর থেকেই কেন্দ্রীয় ছাত্রদল তাঁর পাশে ছিল। এ সময় নিয়মিত তাঁর খোঁজখবর নেওয়া হয়েছে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, তাঁদের নেতার ওপর হামলার পর থেকেই স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বারবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁর কাজে গাফিলতি ও সময়ক্ষেপণ হয়েছে বলে মনে হয়েছে। পরে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ দেওয়া হয়। এরপর ওই কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

রাকিব বলেন, নাটোরের পুলিশ সুপার (এসপি) যথেষ্ট আন্তরিক। মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে নেওয়া হয়েছে। এখন হত্যাকাণ্ডের পেছনে ইন্ধনদাতা ও অর্থের জোগানদাতাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তাঁরা।

তিনি আরও বলেন, শাকিল হত্যাকাণ্ডে যুবলীগের কর্মী রাসেল গং নামে এক আমেরিকাপ্রবাসীর সংশ্লিষ্টতা তাঁরা পেয়েছেন বলে দাবি করছেন। ওই ব্যক্তি ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় জড়িত প্রত্যেককে তদন্তের মাধ্যমে দ্রুত আটক করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান ছাত্রদল সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। তিনি গুরুদাসপুর পৌর সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

ঘটনার দিন একটি মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা দুই যুবক শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলে। একপর্যায়ে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁরা পালিয়ে যান। এতে শাকিলের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত