জুলাইযোদ্ধা ঢাবি শিক্ষার্থীকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠাল পুলিশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা দিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত শুক্রবার (৯ জানুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

গ্রেপ্তার শিক্ষার্থীর নাম সাদ ইবনে মাহবুব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শনিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরিবারের অভিযোগ, পুলিশের অভিযানের সময় পাঞ্জাবি পরা এক যুবকের ছবি দেখিয়ে সাদকে আটক করা হয়, অথচ তিনি তখন শার্ট-প্যান্ট পরা ছিলেন। থানায় তোলা ছবিতেও তাকে শার্ট-প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে।

সাদ ইবনে মাহবুবের বাবা মাহবুবুল হক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। তাঁদের বাড়ি উত্তরার দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সাদ নটরডেম কলেজ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে পড়াশোনা করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্যরা লিফলেট বিতরণ করছিলেন। ওই সময় পুলিশ অভিযান চালায়। পরিবারের দাবি, সাদ মসজিদের পাশে একটি বাসায় টিউশন পড়ান। সে কারণে তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে বের হওয়ার পর অভিযানের মধ্যে পড়ে আরও দুজনের সঙ্গে তাকেও আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনের কথা উল্লেখ রয়েছে। সাদ ছাড়া গ্রেপ্তার অন্য দুজন হলেন শাকিল আহাম্মদ (৩০) ও কাওছার হোসেন (১৯)। মামলার বাদী উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান।

আদালত সূত্র জানায়, শনিবার বিকেলে সাদসহ তিন আসামিকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিপক্ষ জামিন চাইলে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এজাহারে বলা হয়েছে, উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে ব্যানার টানিয়ে মাইক দিয়ে প্রচারণা চালাচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। বেলা ১টা ৪৫ মিনিটে তিনজনকে আটক করা হয়, অন্যরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার জব্দ তালিকায় একটি পিভিসি ব্যানার, বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড এবং তিন আসামির ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনের কথা উল্লেখ করা হয়েছে।

সাদের বাবা মাহবুবুল হক অভিযোগ করে বলেন, তাঁর ছেলে শুধু নামাজ পড়তে গিয়েছিল। মসজিদের সামনে কী হচ্ছে, তা দেখার সময় সিভিল ড্রেসের পুলিশ তাকে ধরে নিয়ে যায়। থানায় গিয়ে দেখানো ছবিতে পাঞ্জাবি-পায়জামা পরা একজনকে দেখানো হলেও সাদ শার্ট-প্যান্ট পরা অবস্থায় আটক ছিলেন। তাঁর দাবি, এই অসংগতি সত্ত্বেও ‘উপরের নির্দেশে’ মামলা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছেলে কোনো নিষিদ্ধ বা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত নয় দাবি করে তিনি বলেন, সাদ জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল। তাঁর তিন ছেলেই আন্দোলনে যুক্ত ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে মামলার বাদী এসআই মনিরুজ্জামান বলেন, অভিযানের সময় তিনজনকে হাতে-নাতে আটক করা হয়েছে এবং সাদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড ছিল। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তবে তদন্তে যদি কারও সংশ্লিষ্টতা না পাওয়া যায়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাঞ্জাবি পরা ব্যক্তির ছবি দেখানোর অভিযোগকে তিনি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০