খুলনার তেরখাদা উপজেলায় রামীম বিশ্বাস নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে মধুপুর ইউনিয়নের আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবা হাবিবুর রহমান। ঘটনার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলি তাঁর পাঁজরে লাগে।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত রামীমকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। তবে হামলার কারণ এবং এতে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, ঘটনার পেছনের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসএস