দেশের মডেলিং ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ তুলনা আল হারুন মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।
পরিবারের বরাতে জানা গেছে, তুলনা দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। ব্রেন টিউমার থেকে তাঁর ক্যানসার হয়েছিল। এ কারণে আগেও তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হৃদ্রোগে আক্রান্ত হন তুলনা। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। রাত ১১টা ৫ মিনিটে বিআরবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায়ও কাজ করেছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফি ও স্টাইলিংয়েও ছিল তাঁর পরিচিতি। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের মাধ্যমে বিনোদনজগতে জায়গা করে নিয়েছিলেন তিনি।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন অঙ্গনের পেশাজীবী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন। তাঁর প্রয়াণকে দেশের মডেলিং ও বিনোদনজগতের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন সহকর্মীরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর সড়কে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সদ্য সংবাদ/এসএস