জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একসময় প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি দেখা গেলেও বর্তমানে তা কমে প্রায় ৭০ প্রজাতিতে নেমে এসেছে। প্রজাপতির বৈচিত্র্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়াতে আগামী ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৬তম প্রজাপতি মেলা। মেলায় প্রজাপতি ও পোষক উদ্ভিদবিষয়ক একটি নতুন বইও উন্মোচন করা হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মেলার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।
অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া যেত। বর্তমানে তা কমে প্রায় ৭০ প্রজাতিতে নেমে এসেছে। প্রজাপতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় ও লতাগুল্ম নির্বিচারে কাটা বন্ধ করার পাশাপাশি কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা প্রয়োজন।
তিনি বলেন, প্রজাপতির টিকে থাকার জন্য শুধু বড় গাছ সংরক্ষণ করলেই হবে না; প্রয়োজনীয় ঝোপঝাড়, লতাগুল্ম ও পোষক উদ্ভিদও সংরক্ষণ করতে হবে। নতুন বইটিতে প্রজাপতির সঙ্গে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ চেনার উপায় এবং প্রজাপতির শূককীট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
অধ্যাপক মনোয়ার হোসেন আরও জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্যবিষয়ক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মেধাস্বত্ব বা কপিরাইটের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
সদ্য সংবাদ/ এআর