ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। চুক্তিভিত্তিক এক বছরের এ নিয়োগে তিনি অতিরিক্ত সচিব পদমর্যাদার গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
শিবা শানুর আসল নাম চৌধুরী মাজহার আলী। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগ দিতে হলে তাঁকে এই পদ ছাড়তে হবে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি অভিনেতা।
সদ্য সংবাদ/ এআর