চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৭৩০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাছিরার চর ও বাংলাবাজারসংলগ্ন মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল।
নৌ পুলিশ জানায়, অভিযানে জব্দ করা জালের মধ্যে রয়েছে ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই এবং ৫০ মিটার মশারি জাল। এসব জাল ব্যবহার করে নদীতে মাছ শিকারের অভিযোগে ২০ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলী হোসেন ব্যাপারী (৪৮), ইদ্রিস আলী মোল্লা (৪২), রহিম বাদশা (৩০), রাজিব হাওলাদার (২২), মো. হোসেন (১৯), কুদ্দুস সরদার (৪০), মোত্তালেব বন্দুকসি (৪৫), মো. হাফেজ বেপারী (৫৫), উজ্জল হাওলাদার (৩০), মো. বুটু খান (৩৯), নিজাম খান (৪৮), রাব্বি খান (২২), মো. আক্তার ঢালী (৬৫), মো. জাফর বালা (২৮), মো. খোকন শেখ (৪০), মো. আসিফ মাহমুদ(২৫), মো. শিপন শেখ (২৮), শ্যামল মালু (৪৬), মো. খাজা (৫৫) ও মো. শাহজাহান (৫০)।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশোধিত বিধান অনুযায়ী ছয়টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস