চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিষপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।
২৬ বছর বয়সী তানভীরুল এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বেও ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়ায়। বাবা মো. আবু ইউসুফ ও মা তাসলিমা বেগম। চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার টেক্সটাইল এলাকার বাসায় অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তানভীরুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। ঘটনার বিষয়টি বুধবার রাতে প্রকাশ্যে আসে।
এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যসচিব আরিফ মইনুদ্দিন জানান, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। গুলি তাঁর কোমরের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। আহত জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত তানভীরুল দীর্ঘদিন ধরে ওই আঘাতের কারণে শারীরিক জটিলতায় ভুগছিলেন। ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে নিয়মিত চিকিৎসা নিতে হতো।
আরিফ মইনুদ্দিন আরও জানান, দীর্ঘদিনের শারীরিক কষ্টের কারণে তানভীরুলের স্বাভাবিক চলাফেরায় সমস্যা হতো। ব্যথার তীব্রতায় তাঁকে প্রায়ই খুঁড়িয়ে হাঁটতে দেখা যেত। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী এই যন্ত্রণা তানভীরুলের জীবনে বড় ধরনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস