কক্সবাজারের হিমছড়ি সৈকতে সাগরে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন তিন পর্যটক। এ ঘটনায় আরও তিনজন সাগরে তলিয়ে গেছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর এলাকার সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন পর্যটক সৈকতে গোসল করতে নামলে সাগরের প্রবল ঢেউয়ে তাঁদের কয়েকজন ভেসে যান। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁদের সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এআর