চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ৮ থেকে ১০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নে এ মিছিল হয় বলে জানিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক দেশের একটি গণমাধ্যমকে বলেন, মিছিলের ভিডিও পুলিশের নজরে এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ ও বোরহান উদ্দিন নামের এক নেতার ব্যানারে মিছিলটি বের করা হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় দুই থেকে আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনের একটি দল গ্রামের একটি কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। তাদের হাতে ছিল ব্যানার ও আওয়ামী লীগের পতাকা। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শিক্ষা শান্তি প্রগতি’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। পাশাপাশি ডিসেম্বরের বিজয় মাসকে স্বাগত জানিয়ে মিছিল করার কথাও উল্লেখ করা হয়।
ভিডিওতে আরও দেখা যায়, মিছিলকারীরা একটি বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে সেখান থেকে আবার মিছিল নিয়ে চলে যান। তবে তাঁদের পরবর্তী গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং তাঁদের অবস্থান জানতে পুলিশ কাজ করছে।
সদ্য সংবাদ/এসএস