গোপালগঞ্জ সদর উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা জড়িত বলে জানিয়েছে পুলিশ। হামলার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকার চরপাড়ায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে একদল লোক এগিয়ে আসে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে হামলা চালানো হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে লাঠিসোঁটা হাতে পুলিশের দিকে এগিয়ে যেতে এবং অশালীন ভাষায় গালাগাল করতে দেখা যায়।
ওসি আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় মিছিল নিয়ে আসা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে এসআই মো. ফুল মিয়াসহ পুলিশের দুজন সদস্য আহত হন।
ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
সদ্য সংবাদ/এসএস