নীলফামারীর ডিমলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় তিস্তা নদীর তীরবর্তী আনন্দবাজার এলাকায় মিছিলটি বের করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’ স্লোগান দিতে শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। স্থানীয়দের দাবি, ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এতে অংশ নেন।
যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান জানান, আনন্দবাজার এলাকার ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিলটি বের করেন। তিস্তা নদীর তীরবর্তী এলাকায় কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তাঁরা সেখান থেকে চলে যান।
মিছিলের একটি ভিডিও আরসাদুল নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন বলে দাবি করেন মাহফুজার রহমান। পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হয় বলেও জানান তিনি।
এদিকে, ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিমলা উপজেলা শাখার সদস্যসচিব রাসেদুজ্জামান রাসেদ। তাঁর ভাষ্য, সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর তিনি জানতে পেরেছেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে মিছিলের বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, তাঁরা এখনো মিছিলের ঘটনা যাচাই করতে পারেননি। নদীর পাশের কোনো এলাকায় রাতের দিকে মিছিলটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস