২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে ‘জ্ঞানের পিরামিড’-এর সর্বোচ্চ স্তর প্রজ্ঞা বোঝাতে আর কোনো প্রতীক ব্যবহার করা হবে না। এ সিদ্ধান্তের ফলে বইটিতে থাকা দাঁড়িপাল্লার ছবিটি বাদ পড়ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ছাপানো বইয়ের সংশ্লিষ্ট পৃষ্ঠায় সংশোধিত পৃষ্ঠা যুক্ত করে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।
রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা-জ্ঞানের পিরামিডের এই চারটি স্তরের নাম আগের মতোই থাকবে। তবে আপাতত কোনো স্তরের সঙ্গে প্রতীক বা আইকন রাখা হবে না। চলতি শিক্ষাবর্ষের বই এভাবেই সরবরাহ করা হবে। পরবর্তী সময়ে বিষয়বস্তু আরও পরিমার্জন করা হবে, যাতে পাঠ্যবইয়ে কোনো ভুল তথ্য না থাকে।
এনসিটিবির এ সিদ্ধান্ত বাস্তবায়নে পুরো বই নতুন করে ছাপানোর পরিবর্তে নির্দিষ্ট পৃষ্ঠাটি সংশোধন করা হচ্ছে। ইতিমধ্যে ছাপানো বইয়ের সংশ্লিষ্ট অংশে নতুন করে মুদ্রিত পরিমার্জিত পৃষ্ঠা যুক্ত করা হবে। এতে নতুন করে পুরো বই ছাপানোর অতিরিক্ত ব্যয় ও সময় এড়ানো সম্ভব হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে বইটির মুদ্রণকাজ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল এনসিটিবি। মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে প্রতীক পরিবর্তনের পর আবার বিতরণের পরিকল্পনাও করা হয়েছিল। তবে কোন প্রতীক দিয়ে দাঁড়িপাল্লার জায়গা পূরণ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। পরে শনিবার প্রেস মালিকদের সঙ্গে আলোচনায় সংশ্লিষ্ট পৃষ্ঠায় সংশোধিত কপি সংযোজনের বিষয়ে সম্মতি পাওয়া যায়।
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের মাধ্যমে উপাত্ত থেকে প্রজ্ঞা অর্জনের স্তরগুলো তুলে ধরা হয়েছে। এতে উপাত্তের জন্য বৃত্তাকার প্রতীক, তথ্যের জন্য নেটওয়ার্কসদৃশ চিহ্ন এবং জ্ঞানের জন্য মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়েছিল। সর্বোচ্চ স্তর প্রজ্ঞা বোঝাতে রাখা হয়েছিল দাঁড়িপাল্লার ছবি। নতুন সিদ্ধান্তে এসব প্রতীকের পরিবর্তে চারটি স্তরের নামই শুধু থাকবে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর কাজ চলছে। এর অধিকাংশ ইতিমধ্যে মুদ্রিত হয়েছে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের জন্য সব শ্রেণি মিলিয়ে প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপানো হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়েও প্রজ্ঞা বোঝাতে দাঁড়িপাল্লার ছবি ছিল। তবে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে থাকা বইয়ে এ স্তরের জন্য মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে আবার দাঁড়িপাল্লার ছবি যুক্ত হওয়ায় বিতর্ক তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।
সদ্য সংবাদ/এসএস