আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। দুই দেশের একাধিক অঞ্চলে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের সংবাদমাধ্যম তোলোনিউজের তথ্য অনুযায়ী, রাজধানী কাবুলসহ নানগারহার এবং আশপাশের কয়েকটি প্রদেশে ভূমিকম্পের কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা। তবে ভূমিকম্পের পরপরই কোনো হতাহত কিংবা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
ইউরোপীয়-মধ্যপ্রাচ্য ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। তবে এর উৎপত্তিস্থল ও গভীরতা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হয়নি।
এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিত-বালতিস্তান অঞ্চলের বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস