যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাঈদ খাতিবজাদেহের দাবি, সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলা মোকাবিলায় ইরান ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাতিবজাদেহ বলেন, সাম্প্রতিক কয়েক মাসে ইউরোপের দেশগুলো ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন সেসব সিদ্ধান্তের পরিণতি তাদেরই মোকাবিলা করতে হচ্ছে।
ইরানের এই কর্মকর্তা বলেন, ভুল নীতির কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে ইউরোপীয় শক্তিগুলোর প্রভাব ক্রমেই কমছে। এ অবস্থা থেকে উত্তরণে ইউরোপকে ইসরায়েলের অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের বারবার লঙ্ঘনের ঘটনা থেকে নিজেদের দূরে রাখতে হবে।
খাতিবজাদেহ আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যত দিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে, তত দিন তাদের প্রতি আস্থা রাখা কঠিন হবে। আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ইউরোপকে মার্কিন বাহিনীর জন্য সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইন রক্ষায় আন্তরিক পদক্ষেপ নিতে হবে।
সদ্য সংবাদ/এআর