শেরপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জামালপুর সদর উপজেলার বেলটিয়া বাজার এলাকা থেকে মো. নবী হোসেন (২০) নামের ওই যুবককে আটক করা হয়।
র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। নবী হোসেন শেরপুর সদর থানার বাসিন্দা। পরে তাঁকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন নবী হোসেন। এতে সাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত ২২ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে তরুণী ঘরের বাইরে থেকে ফিরে আসার সময় নবী হোসেন ও তাঁর সহযোগীরা দরজা বন্ধ করে দেন। এ সময় নবী হোসেন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। তাঁর সহযোগীদের বিরুদ্ধেও ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে।
এজাহারে আরও বলা হয়, তরুণীর চিৎকার শুনে তাঁর বাবা ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদের ওপর লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালান। এতে কয়েকজন আহত হন। পরে তাঁদের শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২৩ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন। মামলাটির নম্বর ৪৯।
র্যাব-১৪ জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্তের পর জামালপুরের বেলটিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব।
সদ্য সংবাদ/এসএস