ঢাকার সাভারে ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সাভারের মধুমতি মডেল টাউনের ফুড লাইব্রেরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার শ্যামনগর এলাকার মো. মাহবুব আলম (৪৯) ও মো. খোরশেদ আলম (৫০) এবং সাভারের মেলার টেক এলাকার জুনায়েদুল ইসলাম সিফাত (২০)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অনলাইনভিত্তিক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে বিনিয়োগ কার্যক্রম পরিচালনার খবর পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে ডিবি-উত্তরের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে তিনজনকে আটক করার পাশাপাশি তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, এসব ডিভাইসে বিন্যান্স (Binance) অ্যাপের মাধ্যমে ইউএসডিটি (USDT) ক্রিপ্টোকারেন্সি এবং বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ জমা, স্থানান্তর ও উত্তোলনসংক্রান্ত কার্যক্রমের তথ্য পাওয়া গেছে।
ঢাকা জেলা পুলিশের ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে এসআই মো. শাহাদাৎ হোসেনসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। পরে সাত দিনের রিমান্ড আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস