লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা দেশে পৌঁছান। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রতিনিধিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্রলোভন ও সহায়তায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ফেরত আসা বাংলাদেশিদের সহায়তার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ অভিবাসন ঠেকাতে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে লিবিয়ায় তাদের তিক্ত অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য দেশে ফেরা নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, প্রত্যাবাসিত ব্যক্তিদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা দিচ্ছে আইওএম। সংস্থাটির পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াতের খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তাও দেওয়া হচ্ছে।
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম সমন্বিতভাবে কাজ করছে।
অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি এবং মানবপাচারকারীদের প্রতারণা থেকে রক্ষা পেতে বিদেশগামীদের বৈধ অভিবাসনপথ অনুসরণের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস