জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধারের ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ২১৭ বোতল মদ উদ্ধারের পাশাপাশি একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় অভিযান চালায় ডিবি-১-এর একটি দল। এ সময় ওই এলাকার সুজাত মিয়ার বাড়ি থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
অভিযানকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে আমান উল্লাহ আমান উদয় ছাত্রদলের পদধারী নেতা হওয়ায় বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে উপজেলা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম বলেন, আমান উদয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে যাচ্ছেন তাঁরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস