ভারতের রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন নর্থ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটের দিকে ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখে জরুরি সেবায় খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদে থাকা একটি এসি বয়লারে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঝালাইয়ের কাজ চলার সময় শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।
নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রশাসনিক এলাকায় অবস্থিত নর্থ ব্লক ভারতের কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর অন্যতম। এ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়সহ একাধিক সরকারি কার্যালয় রয়েছে।
সদ্য সংবাদ/এসএস