জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করেছে বিএনপি। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁকে মনোনয়ন দিয়েছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।
এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন এলিজা জামান। পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তাঁর পদত্যাগের ফলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়।
শূন্য আসনটিতে উপনির্বাচনের জন্য ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
এই উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য গত ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন। যাচাই-বাছাই শেষে দলটি এলিজা জামানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেয়।
সদ্য সংবাদ/এসএস