চার দিনের সরকারি সফরে আজ রোববার রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ ছাড়া রয়েছেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান।
সফরসূচি অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। পাশাপাশি জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক ও মতবিনিময়ের কথা রয়েছে। ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি জাপানের কয়েকটি শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। একই সঙ্গে জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকালে কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সদ্য সংবাদ/এআর