ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) একটি দল।
গত শনিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়। ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন, এসআই মনির হোসেনসহ পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভার মডেল থানার কলমা জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে মো. কোরবান আলী রুবেল (৩২) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন পাঁচ গ্রাম, আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার টেংগুরি এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়াছিন (৪০) ও আজাদ রহমান (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন পাঁচ গ্রাম, আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ইয়াছিনের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এআর