বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে থাকবেন। তবে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেটিই তাঁর মেয়াদ শেষ হওয়ার সময় হিসেবে গণ্য হবে।
নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনের জন্য তাঁর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞ। মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
উল্লেখ্য, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সরিয়ে ফেলেছিলেন। এ পদক্ষেপ আন্দোলনরত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছিল এবং শিক্ষক সমাজেও সাহসী অবস্থানের উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছিল। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সদ্য সংবাদ/এআর