পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ভবনটির দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে এ আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার কক্ষে থাকা বইপত্রে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর উৎস শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের কথা জানা গেছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস