‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬ ২১:৫৯:৪১
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলের বক্তব্য ও সাধারণ মানুষের দাবির যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর মতে, বর্তমান সংসদ বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে। এ অবস্থায় সংসদ তার পূর্ণ মেয়াদ পাঁচ বছর টিকতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংসদ নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরে তিনি বলেন, ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত জাতীয় সংসদের মূল্য এখন দুই আনাও নেই। বিরোধী দলের বক্তব্যের পাশাপাশি জনগণের কণ্ঠস্বরও সেখানে গুরুত্ব পাচ্ছে না। তাঁর ভাষায়, এটি এখন আর জনগণের সংসদ নেই, বরং বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে। এ সংসদ পাঁচ বছর টিকবে কি না, সে বিষয়েও সন্দেহ রয়েছে।

সংসদে জনগণের হয়ে কথা বলতে না পারার অভিযোগ তুলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জনগণ তাঁদের নিজেদের দাবি তুলে ধরার জন্য সংসদে পাঠিয়েছিল। সেখানে সেই সুযোগ না পাওয়ায় তাঁরা আবারও রাজপথে নেমেছেন এবং সরাসরি মানুষের কাছে যাচ্ছেন।

বর্তমান সরকারকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাবিরোধী আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, বিএনপির অনেক নেতাকর্মী ওই সময়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন। ছাত্রদলের বহু নেতাকর্মী আহত ও নিহতও হয়েছেন। তবে তাঁর অভিযোগ, দলটির রাজনৈতিক নেতারা গত ১৬ থেকে ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আপস করে চলেছেন। এ কারণে তাঁদের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তনের মানসিকতা দেখা যায়নি। গত সাত থেকে আট মাসেও কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি।

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নিয়েছিলেন। সেখানে পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশায় তাঁরা ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর ক্ষমতায় এসে সরকার জুলাই সনদকে অবজ্ঞা করেছে এবং গণভোটের রায় অস্বীকার করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এর মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে আসায় বর্তমান সরকারকে ‘জুলাই গাদ্দার সরকার’ বলা যায়। তাঁর অভিযোগ, সরকার দেশকে পুরোনো ব্যবস্থায় ফিরিয়ে নিয়েছে। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন না হলে, বৈষম্য দূর না হলে এবং চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ না হলে শেখ হাসিনার শাসনামল নিয়ে জনগণের মধ্যে নতুন করে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার তুলনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, তারেক রহমানও শেখ হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন। তাঁর দাবি, জনগণের ভোটাধিকার ও গণভোটের অধিকার হরণ করে একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করা হয়েছে এবং দেশকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এর উদাহরণ দেখা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

জ্বালানি খাতের পরিস্থিতি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারি হিসাবে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৮০০ টাকা হলেও খুচরা বাজারে তা কিনতে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। অথচ নির্বাচনের পরও এর দাম ১ হাজার ২০০ টাকা ছিল বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময় বিশ্বযুদ্ধ পরিস্থিতি ও পুলিশের ভঙ্গুর অবস্থা থাকা সত্ত্বেও ছাত্র-জনতা সক্রিয় থাকায় দেশের পরিস্থিতি এতটা খারাপ হয়নি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শনিবার সকালেও গায়ক আসিফ আকবরের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, সমাজের যে স্তরের নাগরিকই হোন না কেন, বর্তমানে কেউই নিরাপদ নন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

মাদক কারবারের সঙ্গে বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, মাদকের বড় সিন্ডিকেট ও হটস্পটগুলো বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে বিএনপির কোনো প্রতিমন্ত্রী অস্ত্র হাতে নিয়ে মাঠে নামলেও সরকারের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব হবে না বলে দাবি করেন তিনি।

পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় বিভিন্ন বাস ও রুটের গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। তাঁর দাবি, এই অর্থের একটি অংশ আওয়ামী লীগের নেতারা এবং অন্য অংশ বিএনপির লোকজন পাচ্ছেন।

আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে অর্থনীতির ক্ষতি করার অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের পকেট থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। এ ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণের বিকল্প নেই।

আবারও আন্দোলনে নামার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলন করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তাঁরাই জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। তবে গণঅভ্যুত্থান বেহাত হয়ে গেছে বলে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, তারেক রহমান সেই অভ্যুত্থানের অর্জন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা জনগণের কাছে ফিরিয়ে আনতে আবারও রাজপথে নামতে হবে বলে জানান তিনি।

সদ্য সংবাদ/এআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি