মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে এই হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ হতাহত হন।
তিনি বলেন, 'প্রায় ২ হাজার শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।'
আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, কাবুলের নবম পুলিশ জেলার একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করেই হামলাটি চালানো হয়, যেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটি একে ভিত্তিহীন বলে দাবি করে জানিয়েছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনা, বিশেষ করে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে হামলা চালিয়েছে।
অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, পাকিস্তানি বাহিনী কাবুল ও পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে কেবল সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা চালিয়েছে।
এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে তীব্র উত্তেজনার একটি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি, তোলো নিউজ