দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪৬ বিলিয়ন (৩৬,৫৪৬.১৪ মিলিয়ন) মার্কিন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯০৭ বিলিয়ন (৩১,৯০৭.০৩ মিলিয়ন) মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের বৈদেশিক মুদ্রার সম্পদ অন্তর্ভুক্ত থাকে। তবে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে সহজে ব্যবহারযোগ্য বা তাৎক্ষণিকভাবে ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার সম্পদকে হিসাব করা হয়। ফলে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ গ্রস রিজার্ভের তুলনায় কম দেখা যায়।