ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। প্রস্তাব অনুযায়ী শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল করার সুপারিশ করা হয়েছে।
এই দুটি হলের নাম পরিবর্তনের দাবিতে এর আগে ডাকসুর নেতারা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডাকসু নেতাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই নাম পরিবর্তনের সুপারিশ করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।
সিন্ডিকেট সভায় একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামী লীগপন্থী চার শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে শোকজ নোটিশ দেওয়ার পাশাপাশি দুই শিক্ষককে সতর্ক করার সিদ্ধান্তও হয়।
যাঁদের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাঁরা হলেন অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক সাদেকা হালিম ও অধ্যাপক মো. মশিউর রহমান। আর যাঁদের সতর্ক করা হয়েছে, তাঁরা হলেন অধ্যাপক মাহমুদা খাতুন ও অধ্যাপক মো. খায়রুল ইসলাম চৌধুরী।