চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে শিশুদের গলা চেপে ধরে পরিবারের ৫ সদস্যকে জিম্মি করেছে। প্রাক্তন সেনাসদস্য সুফিয়ানকে পরনের লুঙ্গি দিয়ে হাত মুখ বেঁধে রাখে। শিশু দুজন কান্না করায় গলা টিপে ধরলে তার দুই ছেলের স্ত্রীরা চিৎকার করলে তাদের মারধর করে বেঁধে মুঠোফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
ঘটনার বিবরণ দিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট আবু সুফিয়ান বলেন, 'আমার দুই ছেলে চাকরি সুবাদে শহরে থাকে। ঘরে আমার দুই ছেলের বউ, দুই নাতি আর আমার সহধর্মিণী ছিলেন। ডাকাতদল রাত দেড়টা নাগাদ দরজার তালা ভেঙ্গে আমার রুমে ঢুকে কিছু বুঝে উঠার আগে আমার পরনের লুঙ্গি দিয়ে আমার হাত বেঁধে ফেলে। পাশের রুম থেকে আমার ছেলের বউ-নাতিদের শব্দ শুনতে পাই।'
তিনি বলেন, 'পরবর্তীতে ডাকাতরা আমার দুই নাতির গলা টিপে ধরলে ছেলের বউরা চিৎকার দিলে তাদের বেধড়ক চড় থাপ্পড় ও মারধর করে। কানের দুল জোর করে নেয়ার জন্য প্রচন্ড আঘাত পায় ছেলের বউ। তারা ১০ ভরি স্বর্ণ, ২৫ হাজার ৭০০ টাকা, ৪টি মুঠোফোন নিয়ে যায়। ঘরের ভেতর সাতজন ডাকাত প্রবেশ করলেও বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল। ডাকাতেরা চলে যাওয়ার সবার রুমের বন্ধ করে দিয়ে যায় কিন্তু আমার স্ত্রী রুমের দরজা খোলা ছিল। সে সবার দরজা খুলে দিলে পুরান বাড়িতে গিয়ে আশ্রয় নিই।'
ডাকাতির বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, 'ডাকাতির ঘটনা শোনামাত্র রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৌখিকভাবে সকল তথ্য নোট করা হয়েছে। সকালেও পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।'
সদ্য সংবাদ/এমটি