নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদক প্রতিরোধবিষয়ক ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ ২০২৫’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক, র্যাগিং ও বুলিং বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সমাজে মাদকাসক্তদের কাউন্সেলিং থেকে শুরু করে তাদের পুনর্বাসনসহ অন্যান্য দায়িত্ব পালন করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে এ সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকাসক্তি প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে।
এ সময় উপাচার্য আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজ, বিশেষ করে ক্লাবগুলোর বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতা দিয়ে আসছি। আমরা চাই আমাদের ক্লাবগুলো আরও সক্রিয় হোক। আমাদের শিক্ষার্থীরা মনের আনন্দে সৃজনশীল এবং বাংলাদেশের আইনসিদ্ধ কাজগুলো করুক, নিজেদের সুপ্ত প্রতিভা জাগ্রত করুক। আমরা আমাদের শিক্ষার্থীদের নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (প্রিভেনটিভ এডুকেশন) পরিচালক জনাব মাজহারুল ইসলাম, অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব জাহিদ হোসেন মোল্লা এবং নোয়াখালী অঞ্চলের উপপরিচালক জনাব সুব্রত সরকার শুভ।
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জনাব মাজহারুল ইসলাম মাদকের অপব্যবহার রোধবিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন।
নোবিপ্রবির শিক্ষার্থী সৌম্য ঘোষ ও জান্নাতুল ফিরদাউস ইরার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এস এম সোহেল রানা। সমাপনী বক্তব্য রাখেন ড. মোহাম্মদ শফিউল্লাহ। বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে কুইজ কনটেস্ট, রিসার্চ আইডিয়া কনটেস্ট এবং পোস্টার প্রেজেন্টেশন কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।