গোপালগঞ্জের সুকতাইল ইউনিয়নে পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার নেতৃত্বে তারা দলটিতে যোগ দেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন নতুন সদস্যরা।
যোগদান উপলক্ষে নেতাকর্মীরা ঢাকঢোল ও সানাই বাজিয়ে সংসদ সদস্যের কাছে উপস্থিত হন। পরে ফুল দিয়ে দলটিতে নিজেদের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে ডা. কে এম বাবর বলেন, রাজনীতিতে যুক্ত হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। কোনো নেতাকর্মীর আচরণে যেন সাধারণ মানুষ হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরও বলেন, সাধারণ মানুষের ওপর অন্যায়, অত্যাচার ও জুলুমের ঘটনা ঘটলে তার প্রতিবাদ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করাই নেতাকর্মীদের দায়িত্ব।
এ সময় নবাগত নেতাকর্মীদের জনসেবায় মনোযোগী হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস