কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করার অভিযোগ তুলে ভারতে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিল করার কথা জানিয়েছে দলটি।
বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, যন্তর মন্তরে দীর্ঘদিনের অবস্থান কর্মসূচি শেষ করার আগে কেন্দ্রের পক্ষ থেকে কয়েকটি দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে সেই প্রতিশ্রুতির বড় অংশ এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের।
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট এলাকা থেকে দিল্লি পুলিশের সদর দপ্তরের দিকে মিছিল করার পরিকল্পনা রয়েছে। সরকারের ওপর চাপ বাড়াতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ককরোচ জনতা পার্টির দাবির মধ্যে রয়েছে, নিট পরীক্ষাকে ঘিরে বিতর্কের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি দিল্লি পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবিও রয়েছে।
সংগঠনটির অভিযোগ, এসব বিষয়ে সরকার এখনো কার্যকর পদক্ষেপ নেয়নি। একই সঙ্গে সরকারের কাছে আগে উত্থাপন করা আরও ১১টি প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি বলে দাবি করেছে তারা।
এর আগে যন্তর মন্তরে প্রায় এক মাস অবস্থান কর্মসূচি পালন করে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের সময় নিট পরীক্ষার অনিয়মের দায় নিয়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলে তারা। পরে তিনি পদত্যাগ করার পর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসে সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের পর সরকারি আশ্বাসের ভিত্তিতে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
তবে এবার সেই আশ্বাস পূরণ না হওয়ার অভিযোগে ফের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে ৫ সেপ্টেম্বরের মিছিল নিয়ে দিল্লি পুলিশের অনুমতি এখনো মেলেনি। পুলিশ সূত্রের দাবি, কর্মসূচির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অনুমতির আবেদন জমা পড়েনি। ইন্ডিয়া গেটে বড় ধরনের জমায়েত হলে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে বলে পুলিশ মনে করছে।
তবে অনুমতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসার কোনো ঘোষণা দেয়নি ককরোচ জনতা পার্টি।
এর পাশাপাশি বিভিন্ন রাজ্যেও সংগঠনটির কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি স্কুলের অবকাঠামো উন্নয়নের দাবিতে সম্প্রতি ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচি শুরু করেছে তারা। এ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে রাজস্থানে তাদের প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগও তুলেছে সংগঠনটি।
সদ্য সংবাদ/এসএস