স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে মাদ্রিদের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এতে বহু যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে আন্দালুসিয়াসহ সংশ্লিষ্ট কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তোলেদো প্রদেশে মাদ্রিদ-সেভিল হাই-স্পিড রেলপথে এ দুর্ঘটনা ঘটে। স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।
প্রাথমিক তথ্যে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফে এভিইর একটি ট্রেনের সঙ্গে ইতালীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেনের সংঘর্ষ হয়। রেনফের ট্রেনটি ইরিওর ট্রেনের পেছনে ধাক্কা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে রেলপথের পাশের ঢালে গড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া হাই-স্পিড রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। এর প্রভাবে মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যবর্তী রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।
কাস্টিলা-লা মানচা অঞ্চলের সরকারি মুখপাত্র এস্থার পাদিলা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন।
এদিকে দুর্ঘটনার পরপরই জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করার কথা জানিয়েছে ইরিও কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা ও দুর্ঘটনা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সদ্য সংবাদ/এসএস