সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব নামে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) দেশটিতে হওয়া ওই হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ছোটন মিয়ার ছেলে। কয়েক বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরবে যান সজিব। পরে জুবাইল শহরে কাজ শুরু করেন এবং সেখানেই দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন সজিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রোববারের ক্ষেপণাস্ত্র হামলার সময় সজিব ঘটনাস্থলে ছিলেন এবং হামলায় তিনি প্রাণ হারান।
বিদেশের মাটিতে সজিবের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই তার পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরবে গিয়েছিলেন এই যুবক।
এদিকে সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার স্বজনরা। মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে পরিবার। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সজিবের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, তিনি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি নিহতের পরিবারের পাশে থেকে সম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
সদ্য সংবাদ/এসএস