পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহাদাত শেখ।
নবগঠিত কমিটিতে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা প্রতিনিধিত্ব ও সাংগঠনিক কার্যক্রমের ভিত্তিতে কমিটির বিভিন্ন পদ ও দায়িত্ব বণ্টন করা হয়।
সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমান সাগরের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রক্রিয়া শেষে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এ সময় পর্তুগালে বসবাসরত বিপুলসংখ্যক মুন্সীগঞ্জবাসী উপস্থিত ছিলেন।
সম্মেলনে পর্তুগালের প্রায় সব শহর থেকে মুন্সীগঞ্জের প্রবাসীরা অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি প্রবাসী মুন্সীগঞ্জবাসীর মিলনমেলায় পরিণত হয়।
নবগঠিত কমিটির মূল লক্ষ্য প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করা। পাশাপাশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং যেকোনো সমস্যা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটির মাধ্যমে পর্তুগালে বসবাসরত মুন্সীগঞ্জবাসীর মধ্যে ঐক্য ও সংহতি আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে প্রবাসে জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/ এআর