ডলার সংকটের প্রভাবের মধ্যে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের আয় দেশে পাঠানো সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ ১৬ দশমিক ৪ শতাংশ কমে যাওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে মালদ্বীপের স্থানীয় মুদ্রা রুফিয়া ব্যবহার, ভ্রমণ-সংক্রান্ত লেনদেনের সুবিধা এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় বা ‘কারেন্সি সোয়াপ’ ব্যবস্থা চালুর সম্ভাবনা যাচাই।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোশতাকুর রহমান গত ৮ অক্টোবর মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) গভর্নর আহমেদ মুনাওয়ারের কাছে পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরেন।
চিঠিতে বলা হয়, মালদ্বীপে আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হলেও বাংলাদেশি কর্মীদের উপার্জিত অর্থ দেশে পাঠাতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এ পরিস্থিতিতে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে অর্থ স্থানান্তরের জন্য নিরাপদ, দক্ষ, স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর