যৌক্তিক প্রশ্ন তুললেই ‘জুলাইয়ের বিপক্ষের শক্তি’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, জুলাই রেভুল্যুশনকে সবাই শ্রদ্ধা করেন, তবে সংবিধান পুরোপুরি বাতিল না করে প্রয়োজনীয় পরিবর্তন আনা যেতে পারে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২-এর আওতায় আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পার্থ অভিযোগ করেন, কেউ মতামত দিলেই তাকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানোর প্রবণতা দেখা যাচ্ছে, যা তাকে আওয়ামী লীগ সরকারের সময়ের কথা মনে করিয়ে দেয়। একই ধরনের আচরণ এখন আবার দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, পরিস্থিতি জটিল এবং এটি একটি বিশেষ বাস্তবতা। বিরোধী দলের নেতাদের বক্তব্যে আবেগ থাকলেও শুরু থেকেই অন্যদের জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
জুলাই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের অবদান স্মরণ করিয়ে ক্রিকেটের ভাষায় তিনি বলেন, শেষ ছয় বলে ১২ রান করা হলেও তার আগে ৩০০ রান সবাই মিলে করা হয়েছে। ১৭ বছর ধরে আন্দোলন, কারাবরণ ও ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলনে সবার অবদান রয়েছে। আবু সাঈদের পাশাপাশি চট্টগ্রামে ওয়াসিম আকরামের মৃত্যুর কথাও উল্লেখ করে তিনি বলেন, কারও অবদান কম নয়।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন পার্থ। তিনি বলেন, যদি বিপ্লবী সরকার গঠন করা হতো, তবে নতুন সংবিধান প্রণয়ন করা যেত। কিন্তু পুরোনো সংবিধানের আওতায় থেকেই সেটিকে বাতিল করার চেষ্টা যৌক্তিক নয়।
সংসদে উপস্থিত নেতাদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকেই দীর্ঘ সময় কারাবরণ করেছেন এবং সবাই জুলাই আন্দোলনের অংশীদার। তবে ফ্লোর হাতে পেলেই অন্যদের আক্রমণ করা হচ্ছে, যেন তাদের কোনো অবদান ছিল না।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, জুলাই রেভুল্যুশনকে শ্রদ্ধা জানিয়ে সংবিধান সংস্কার করা যেতে পারে, কিন্তু সেটিকে ছুড়ে ফেলার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, তরুণদের জেন-জি প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়ে জামায়াত জেনারেশনে পরিণত না হওয়ার পরামর্শ দেন।