জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর ধারাবাহিক বিশেষ অভিযানে ১৫ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। গত এক সপ্তাহে পরিচালিত এসব অভিযানে দুজন আসামিকেও আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা মালামালের মোট মূল্য ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনসামগ্রী ও প্যান্টের কাপড়সহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাকারবারিদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এআর