চোটের প্রকৃতি নির্ণয়ে ফিনল্যান্ডের তুরকু শহরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন মিলিতাও। সেখানে পরীক্ষায় তার বাম উরুর টেনডনে গুরুতর ক্ষতি ধরা পড়ে, যা সম্পূর্ণ ছিঁড়ে যাওয়ার ঝুঁকিতে ছিল। ক্যারিয়ারের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সফলভাবে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
এই ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে। প্রাথমিক ধারণা অনুযায়ী, অন্তত অক্টোবরের আগে তার মাঠে ফেরা সম্ভব নয়। ফলে বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলার সুযোগ হাতছাড়া হলো তার।
মিলিতাওয়ের এই চোট রিয়াল মাদ্রিদের জন্যও বড় ধাক্কা। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলটি আগেই ইনজুরি সমস্যায় জর্জরিত। আক্রমণভাগের রদ্রিগো, মিডফিল্ডার আরদা গুলার এবং গোলরক্ষক থিবো কর্তোয়া—সবাই বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, মিলিতাওয়ের বাম পায়ের বাইসেপস ফেমোরিস টেনডনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, চোট মিলিতাওয়ের জন্য নতুন কিছু নয়। কাতার বিশ্বকাপের পর থেকে তিনি মোট নয়বার ইনজুরিতে পড়েছেন এবং তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে। চোটের কারণে ক্যারিয়ারের ৬০০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে।
সম্প্রতি লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে খেলতে গিয়েই এই চোটে পড়েন তিনি। শুরুতে সতর্কতামূলক বদলি করা হলেও পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় চোট গুরুতর বলে ধরা পড়ে।