বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, 'অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং অবশ্যই তারা যুক্তরাষ্ট্রে খেলবে। আমাদের দায়িত্ব মানুষকে ঐক্যবদ্ধ করা এবং সবাইকে কাছাকাছি আনা।'
এদিকে, কংগ্রেসে অংশ নিতে যাওয়া ইরানের প্রতিনিধিদলকে কানাডায় প্রবেশে বাধার মুখে পড়তে হয়। ইরানি গণমাধ্যমের দাবি, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ কয়েকজন কর্মকর্তাকে অভিবাসন জটিলতার কারণে ফিরে যেতে হয়।
তবে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গোপনীয়তা আইনের কারণে নির্দিষ্ট কোনো ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
এ বিষয়ে এক সূত্র ইএসপিএনকে জানায়, ইরানের দুই প্রতিনিধি শেষ পর্যন্ত কানাডায় প্রবেশের অনুমতি পেলেও অন্য এক সদস্যকে ফেরত পাঠানো হলে পুরো দলই কংগ্রেসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে প্রতিনিধিদের নাম ডাকার সময় ইরানকে ‘অনুপস্থিত’ হিসেবে উল্লেখ করা হয়।
সব ধরনের জটিলতা সত্ত্বেও ফিফা সভাপতি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে কোনো সদস্য দেশ নিষিদ্ধ নয় এবং কাউকে বহিষ্কারের মতো পরিস্থিতিও তৈরি হয়নি। ফলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণে কোনো বাধা দেখছেন না তিনি।