মালদ্বীপ থেকে বাংলাদেশে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ পাঠানোর ক্ষেত্রে, বিশেষ করে মার্কিন ডলারের প্রাপ্যতার সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যার বিষয়ে বাংলাদেশ হাইকমিশন, মালে অবগত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে অনেক প্রবাসী যে অসুবিধা ও উদ্বেগের সম্মুখীন হচ্ছেন, হাইকমিশন তা গভীরভাবে উপলব্ধি করছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যাংক ও বৈধ রেমিট্যান্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ ও আলোচনা করছে। মালদ্বীপে অর্জিত আয় যেন বৈধ, নিরাপদ, সহজ ও কার্যকর উপায়ে বাংলাদেশে পাঠানো যায়—এমন একটি টেকসই সমাধান খুঁজে বের করাই হাইকমিশনের অন্যতম অগ্রাধিকার।
বর্তমানে প্রবাসী বাংলাদেশিরা NBL, Western Union এবং Maldives Islamic Bank (MIB)-এর মাধ্যমে প্রযোজ্য নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারেন। প্রবাসীদের প্রতি হাইকমিশনের অনুরোধ,অর্থ প্রেরণের ক্ষেত্রে শুধুমাত্র অনুমোদিত ও নিয়ন্ত্রিত এসব বৈধ চ্যানেল ব্যবহার করুন এবং অননুমোদিত বা অনানুষ্ঠানিক কোনো মাধ্যমে অর্থ প্রেরণ থেকে বিরত থাকুন।
প্রবাসী ভাই-বোনদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে নিরাপদে রেমিট্যান্স প্রেরণ নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। একইসঙ্গে, বর্তমান বৈদেশিক মুদ্রা ও তারল্য পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে হাইকমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য, সহযোগিতা ও আস্থার জন্য বাংলাদেশ হাইকমিশন আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ বিষয়ে কোনো নতুন কার্যকর ও যাচাইকৃত ব্যবস্থা বা সুবিধা চালু হলে হাইকমিশনের পক্ষ থেকে যথাসময়ে তা জানিয়ে দেওয়া হবে।
সদ্য সংবাদ/এসআর