ভুল রাজনৈতিক কৌশলের কারণে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ করে দিচ্ছে বিএনপি সরকার এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকার নিজেরাই দেশে অস্থিরতা তৈরি করে আওয়ামী লীগের ফিরে আসার পথ সুগম করছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘দেশটাকে অরাজকতা, অস্থিরতার আগুনের মধ্যে ঠেলে দেবেন না। দেশে অশান্তি তৈরি করে, রাজপথকে উত্তপ্ত করার দিকে ঠেলে দিয়ে, আপনারাই ভুল রাজনীতি করে আওয়ামী লীগকে এখানে ইন করার সুযোগ করে দিচ্ছেন।’
এর আগে মঙ্গলবার রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও বিরোধী দলের একটি অংশ একত্র হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, দেশের বাইরে থেকে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলকে অর্থায়ন করছে, আর ওই দল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম পরওয়ারের বক্তব্য তুলে ধরা হয়।
বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, রাজনৈতিক অপরিপক্বতা ও দূরদর্শিতার অভাবে মাত্র সাত মাসের মধ্যেই সরকার জটিল পরিস্থিতিতে পড়েছে। নিজেদের অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ারের ভাষ্য, সরকারের অনিয়ম ও দলীয়করণ জনগণের সামনে তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব। কিন্তু এসব বিষয়ে সমালোচনা করলেই বিরোধীদের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হচ্ছে। তাঁর মতে, এ ধরনের আচরণ ফ্যাসিবাদী প্রবণতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলা হতো। বর্তমান সরকারও একই ধরনের পথে এগোচ্ছে এবং বিরোধী দলের কণ্ঠরোধ করতে চাইছে।
শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিরতার প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এসব ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী না করে সরকারের উচিত মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।
তিনি দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত হরতাল-অবরোধ দেয়নি। গাড়িতে আগুন দেওয়া কিংবা ভাঙচুরের ঘটনাও ঘটায়নি। দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে দূরে রাখতেই শান্তিপূর্ণ কর্মসূচির পথ বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সংবিধান সংস্কারের প্রস্তাব বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান। এতে ১১-দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।
এ ছাড়া আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া পথে তৃতীয় দফার লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
সদ্য সংবাদ/এআর