সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা আদায় কিংবা প্রভাব বিস্তারের প্রবণতা বন্ধে পেশাগত নীতিমালা অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তাঁর মতে, সংবাদকর্মীদের কাজের ক্ষেত্রে পেশাগত সততা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা কেবল পরিচয়পত্র কিংবা পদবি ব্যবহারের বিষয় নয়। তথ্য সংগ্রহ থেকে শুরু করে সংবাদ প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়। জনস্বার্থ রক্ষা এবং সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের পেশাগত নীতিমালা মেনে চলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, শিক্ষকতা, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় নিয়োজিত থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহারের বিষয়টি পেশাগত স্বচ্ছতার প্রশ্ন তৈরি করতে পারে। বিশেষ করে সরকারি বেতনভুক্ত শিক্ষকদের অন্য পেশায় যুক্ত হওয়া এবং সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান বিবেচনায় নেওয়া প্রয়োজন।
প্রেস কাউন্সিল চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ যেন কোনোভাবেই প্রভাব বিস্তার করতে না পারে। তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং সংবাদ পরিবেশনে ভারসাম্য বজায় রাখা একজন পেশাদার সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব আব্দুস সবুর সাংবাদিকতার পরিচয়কে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যমের পেশাগত মান ধরে রাখতে সাংবাদিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হলে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
সভায় সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা এবং সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়। সংশ্লিষ্টদের মতে, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পেশাগত সততা ও জবাবদিহি নিশ্চিত করা সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার অন্যতম শর্ত।
সদ্য সংবাদ/এসএস