সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতৃত্বে চলে আসেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশ ওই দলের দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। আল্লাহর রহমতে আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন স্পিকার। তাঁর ভাষ্য, বাংলাদেশ সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে।
সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদের বিবরণ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ আরও দাবি করেন, দুবাইয়ে তাঁর ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্পিকারের অভিযোগ, আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকার সময়ে দলটির নেতাকর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইংল্যান্ডে অনেক সম্পদ রয়েছে বলেও দাবি করেন তিনি।
কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে।
সদ্য সংবাদ/এআর