শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক অফিস ও আন্তর্জাতিক ভাষা সেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একাডেমিক ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটির নবম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মোর্শেদ মোল্যা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ্ আল আসাদ এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
সভায় সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সর্বসম্মতিক্রমে দ্রুত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সদ্য সংবাদ/ এআর