সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্র নিয়ে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৬ ২১:৪১:৪৬
ছবি: সংগৃহীত

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক ও ক্লিয়ারেন্স শাখার পরিচালক মোজাদ্দেদ মো. তাজিম-উর-রহমানের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেটের বিরুদ্ধে সার্বিয়ার বিতর্কিত প্রতিষ্ঠান ‘লজিক্কা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশনস ডিওও’র অনুকূলে কর্মী পাঠানোর ছাড়পত্র দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, যথাযথ যাচাই-বাছাই ও তদারকি ছাড়াই প্রতিষ্ঠানটির জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সি ও মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, সার্বিয়ার মতো পূর্ব ইউরোপের সংবেদনশীল বা নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের যাচাই-বাছাই এবং আনুষ্ঠানিক পূর্বানুমতি প্রয়োজন। পূর্ব ইউরোপের কয়েকটি দেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে অনেকে অবৈধভাবে পশ্চিম ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন। এ কারণে মন্ত্রণালয় এ বিষয়ে কঠোর অবস্থানে থাকলেও বিএমইটির তাজিম-উর-রহমানের নেতৃত্বাধীন সিন্ডিকেট নির্দেশনা উপেক্ষা করে নিজেদের মতো করে কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে পাওয়া তথ্যের বরাত দিয়ে অভিযোগে বলা হয়েছে, সরকারের মূল তদারকি সংস্থাকে পাশ কাটিয়ে বিএমইটির ক্লিয়ারেন্স শাখা ‘লজিক্কা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সলিউশনস ডিওও’ (Logikka Artificial Intelligence Solutions d.o.o.) নামের প্রতিষ্ঠানটির পক্ষে ফাইল অনুমোদন দিচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এ ধরনের ছাড়পত্র দেওয়াকে নজিরবিহীন উল্লেখ করে অভিযোগকারীরা বলছেন, এ কার্যক্রম বিদ্যমান অভিবাসন আইনের পরিপন্থী।

সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়ে প্রকাশিত একটি ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বেশ কিছু অসংগতির তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, একটি চক্র প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠিত তথ্যপ্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানি হিসেবে তুলে ধরে চাকরিপ্রত্যাশীদের আকৃষ্ট করছে এবং তাঁদের আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখাচ্ছে। অথচ কোম্পানিটির নিজস্ব ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে বর্তমানে কর্মীর সংখ্যা মাত্র দুইজন। অন্যদিকে, সার্বিয়ার সরকারি নথিতে প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যবসার ধরন হিসেবে ‘অন্যান্য বিশেষায়িত নির্মাণকাজ’ উল্লেখ রয়েছে।

অনুসন্ধানে আরও দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটির বার্ষিক মোট আয় ২১ লাখ ৪৬ হাজার সার্বিয়ান দিনার, যা প্রায় ১৯ থেকে ২০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ। ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, এ আয় দিয়ে একজন কর্মীর বার্ষিক ন্যূনতম বেতন ও আনুষঙ্গিক পরিচালন ব্যয় বহন করাও কঠিন। ফলে বিদেশ থেকে কর্মী নিয়োগ করে তাঁদের নিয়মিত বেতন-ভাতা দেওয়ার মতো আর্থিক সক্ষমতা প্রতিষ্ঠানটির রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগে প্রতিষ্ঠানটিকে সাভো ক্লিকোভাক নামের এক ব্যক্তির মালিকানাধীন অতি ক্ষুদ্র ‘পেপার কোম্পানি’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর ৩১ ধারা অনুযায়ী, মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ এবং অবৈধভাবে বিদেশে কর্মী পাঠানো শাস্তিযোগ্য অপরাধ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বিএমইটির ভেতরে একটি শক্তিশালী সিন্ডিকেট অনিয়মের তথ্য জানা সত্ত্বেও আর্থিক সুবিধার বিনিময়ে দ্রুত সংশ্লিষ্ট ফাইলের ছাড়পত্র দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, দালাল চক্রগুলো তথ্যপ্রযুক্তি খাতে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে সাধারণ কর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের সতর্কতা, নথিপত্রে গুরুতর জালিয়াতি থাকলে কিংবা প্রয়োজনীয় মন্ত্রণালয় অনুমোদন না থাকলে সার্বিয়ার অভিবাসন আইনের আওতায় কর্মীদের ওয়ার্ক পারমিট ও ভিসা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কর্মীরা অবৈধ অভিবাসীর অবস্থায় পড়তে পারেন এবং সার্বিয়ার পুলিশের হাতে আটক হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

মন্ত্রণালয়ের নজরদারি এড়িয়ে বিতর্কিত প্রতিষ্ঠানটির ফাইল অনুমোদনের অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে বিএমইটির মহাপরিচালক ও ক্লিয়ারেন্স শাখার পরিচালক মো. তাজিম-উর-রহমানসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁদের কেউ ফোন ধরেননি। সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হলেও তাঁদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

অভিবাসন বিশেষজ্ঞদের পরামর্শ, বিদেশে গিয়ে আর্থিক ক্ষতি বা গুরুতর আইনি জটিলতায় পড়ার ঝুঁকি এড়াতে দেশ ছাড়ার আগেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়াধীন ফাইলের অনুমোদন যাচাই করা জরুরি। সংশ্লিষ্ট অনুমোদন মন্ত্রণালয় ও বিএমইটির কেন্দ্রীয় সার্ভারে বৈধভাবে নথিভুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত হয়েই বিদেশযাত্রার সিদ্ধান্ত নেওয়া উচিত। সূত্র: বার্তাবাজার

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ